দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দুধিপুর গ্রামে বন বিভাগের গাছ কেটে বিক্রি, সরকারি জমি দখল এবং স্থানীয় ২২ জনের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে মো. মোজাফফর রহমান, মো. মানিক রহমান ও মো. মোতালেব হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে দুধিপুর গ্রামের বন বিভাগের জমিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ভুক্তভোগীরা অভিযোগের প্রতিকার চেয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বরাবরও স্মারকলিপি দেওয়ার কথা জানান তারা।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, মো. মোজাফফর রহমান, মো. মানিক রহমান ও মো. মোতালেব হোসেনের যোগসাজশে স্থানীয় ২০ থেকে ২২ জনের প্রায় তিন থেকে চার একর জমি অবৈধভাবে মাঠ পর্চা করে জোরপূর্বক দখল নেওয়া হয়েছে। পাশাপাশি দখল করা জমির পাশে বন বিভাগের গাছ কেটে ফেলে সরকারি জায়গা ঘিরে ফেলারও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা এসব জমি ভোগদখল করে আসছেন। বর্তমানে তাদের জমি থেকে উচ্ছেদের চেষ্টা চলছে। একই সঙ্গে বন বিভাগের জায়গাও অবৈধভাবে দখল করা হয়েছে। দ্রুত তদন্ত করে প্রকৃত মালিকদের জমি উদ্ধার, সরকারি জায়গা দখলমুক্ত এবং বন বিভাগের গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত মো. মোজাফফর রহমান, মো. মানিক রহমান ও মো. মোতালেব হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়; তবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এমএস/